Tuesday, September 22, 2015

ঈদ মোবারক

- বজলুর রশীদ চৌধূরী
রোজার পরে আসে মোদের, মহান ঈদের দিন,
খুশীর জোয়ারে ভাসি সবাই, খুশী দুনিয়ার মোমিন।
গোসল করে জামা পরে তৈরী হয়ে যাই,
ঈদের নামাজ পড়তে হবে, দূরের ঈদগায় তাই।
নূতন নূতন জামা পরে ছুটছে মুসলমান,
কণ্ঠে তাদের তৌহীদ বানী, গাইছে মৌলার গান।
দলে দলে ঢুকছে মোমিন, কানায় কানায় মাঠ,
লা-শরীকের জিকির করছে, পাক্ ক্বোরআনের পাঠ।
ছেলে বুড়ো সবাই মিলে, নূতন জামা পরে,
মহামিলন ঘটে মোদের, ঈদের নামাজ পড়ে।
মিসকিন ফকির বাদশাহ্ আমীর, এক মাঠেতে আসে,
কুল গরিমা নাইকো সেথায়, সবাই সবার পাশে।
খুত্বা শুনে নামাজ পড়ে, ডাকি মালিক শাঈ,
তোমার বান্দা, তোমার কাছে, মাফি পাইতে চাই।
দোয়ার শেষে দাঁড়িয়ে সবাই, করি গলাগলি,
বেঁচে থাক সুখে রহ, ঈদ মোবারক বলি।
দলে দলে কবর জিয়ারত, পাক এলাহির শান,
পূর্বসূরী যত আছেন, মোমিন মুসলমান।
মহানন্দে বাড়ী ফিরে, এ ঘর সে ঘর যাই,
গুরুজনকে সালাম করে, পাড়ায় পাড়ায় বেড়াই।
মায়ার টানে যাচ্ছে সবাই, একে অন্যের বাড়ী,
ছেলে বুড়ো পাঞ্জাবীতে, নারীর নূতন শাড়ী।
সন্দেশ মিঠাই রসমালাই, সকল ঘরে ঘরে,
মহামায়ায় বিলিয়ে দেই, ইষ্ঠি-গোষ্ঠীর তরে।
আত্মীয় আসে আত্মীয় যায়, দিনের বেলা শেষ,
ঈদের আমেজ কাটেনা মোর, ভাল লাগে বেশ।
লেখক : মিশিগান, যুক্তরাষ্ট্র প্রবাসী।